শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ছয় বছরের এক শিশুকে হত্যার দায়ে সাহারুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাহারুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। এই মামলায় আক্কেল আলী ও তাঁর স্ত্রী পারুল বেগমও আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পারুল বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়। আর মামলার বিচার চলাকালে আক্কেল আলীর মৃত্যু হয়। রায় ঘোষণার সময় সাহারুল পলাতক ছিলেন।

মামলার এজাহারের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ নভেম্বর সকালে লালপুরের রাধাকান্তপুর গ্রামের মুকররম আলী সরদারের মেয়ে মোসাদ্দিকা খাতুন ওরফে মুক্তি প্রতিবেশী শিশুদের সঙ্গে নিজ বাড়ির পাশে খেলছিল। দীর্ঘ সময় পরও বাড়িতে না আসায় মুক্তির বাবা-মা মেয়েকে খুঁজতে থাকেন। ওই দিন বিকেলে মুক্তির এক সহপাঠী জানায়, প্রতিবেশী সাহারুল শালুক তুলে দেওয়ার কথা বলে মুক্তিকে বাড়িতে নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে সাহারুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাড়িতে কেউ নেই এবং বাড়িতে তালা লাগানো। এতে সন্দেহ হওয়ায় গ্রামের লোকজন সাহারুলের ঘরের তালা ভেঙে ভেতরে গিয়ে দেখে ঘরের মেঝেতে মুক্তির লাশ পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই দিন সন্ধ্যায় সাহারুল ও তাঁর বাবা আক্কেল আলীকে পাশের গ্রাম থেকে আটক করা হয়। আটকের পর সাহারুল গ্রামবাসীর কাছে স্বীকার করেন, মুক্তির কানের সোনার দুল চুরি করতে গিয়ে তাকে গলা টিপে হত্যা করে লাশ মেঝেতে পুঁতে রেখেছিলেন।

সরকার পক্ষের কৌঁসুলি আবদুল হাই বলেন, আসামি দীর্ঘদিন হাজত খাটার পর জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি পলাতক আছেন।