শিশু হত্যায় সৎমায়ের যাবজ্জীবন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠী গ্রামের সাত বছরের শিশু আফিফা আক্তারকে হত্যার দায়ে সৎমা মরিয়ম বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মরিয়ম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম ২০১০ সালের ২৩ জুন আফিফাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আলমগীর হোসেন বাদী হয়ে পরের দিন স্ত্রী মরিয়মকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ মরিয়মকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল কবির। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তিনি।