শিশু হাসপাতালে খেলার জায়গাটি বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু হাসপাতালের ভেতরে শিশুদের খেলার জায়গায় ছড়িয়ে আছে নানা রকম আবর্জনা। খেলার সরঞ্জামগুলোতে মরিচা ধরায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো
শিশু হাসপাতালের ভেতরে শিশুদের খেলার জায়গায় ছড়িয়ে আছে নানা রকম আবর্জনা। খেলার সরঞ্জামগুলোতে মরিচা ধরায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো

ঢাকা শিশু হাসপাতালে শিশুদের খেলার জায়গাটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। আবাসিক শিশু রোগীরা খেলার সুযোগ পাচ্ছে না। এ ছাড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সঙ্গে জমির অংশীদারত্বের কারণে আটকে আছে এর সংস্কারকাজ।
হাসপাতালের ভেতরে চারদিকে ভবনঘেরা খোলা এ জায়গাটির অর্ধেকটাতে দোলনা, সি-সো এবং বসার কিছু জায়গা রয়েছে। তবে সবগুলোতেই মরিচা ধরেছে। একটি গাছ উপড়ে পড়ে আছে। দোলনার পেছন দিকটা বিভিন্ন প্যাকেট, কফির কাপ, কাগজসহ হরেক রকম আবর্জনায় ভরপুর। এর ওপরই দোতলায় পঙ্গু হাসপাতালের কর্মচারীদের ক্যানটিন।
নজরুল ইসলামের আড়াই বছরের ছেলে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ১২ দিন ধরে ভর্তি। এ হাসপাতালে শিশুদের জন্য খেলার যে একটি জায়গা আছে তা তিনি জানেন না। গতকাল সোমবার তিনি বলেন, ‘ওয়ার্ডের বাইরে তো বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না।’ তাঁর কথায় আরও কয়েকজন সায় দিলেন।
কিডনি সমস্যাজনিত রোগে পাঁচ বছরের রূপালী রানী ৪০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি। রূপালীর মা নয়নমণি রানী প্রায় এক মাস ধরে মেয়েকে নিয়ে এখানে আছেন। তিনি বলেন, ‘বিছানায় নইলে ওয়ার্ডেই খেলে। নিচে খেলার কিছু আছে কি না জানি না।’
নাম প্রকাশ না করার শর্তে এক আয়া বলেন, প্রায় তিন বছর ধরে তিনি এ হাসপাতালে কাজ করছেন। তখন থেকেই খেলার জায়গাটিকে এমন বেহাল দেখেছেন। শিশুদেরও সেখানে খেলতে যেতে দেখেননি।
তবে ভিন্নমত প্রকাশ করলেন হাসপাতালের উপপরিচালক হোসেইন শহীদ কামরুল আলম। তিনি বলেন, ‘প্রতিদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত জায়গাটি খোলা থাকে। শিশুরা গিয়ে খেলাধুলা করে। তবে রক্ষণাবেক্ষণের সমস্যা রয়েছে।’
রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালটি ৬৪০ শয্যার। সার্ক মহিলা সমিতির উদ্যোগে ২০০১ সালে আবাসিক শিশু রোগীদের জন্য এ হাসপাতালে খেলার ব্যবস্থা করা হয়েছিল।
শিশু হাসপাতালের উপপরিচালক বলেন, পঙ্গু হাসপাতালের অনুমতি সাপেক্ষে জায়গাটি সংস্কার করতে হবে। সংস্কার করার জন্য মানুষ সাহায্য করতেও প্রস্তুত।
ময়লা-আবর্জনা প্রসঙ্গে উপপরিচালক বলেন, ‘এটা নিয়ে বড় একটা অশান্তির মধ্যে আছি। পঙ্গুর ক্যানটিন থেকে ময়লা ফেলা হয়।’
পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্যানটিনে নানা ধরনের লোকজন আসে। তারা ময়লা ফেলতে পারে। তবে তিনি বললেন, তাঁদের পেছনের অংশেও শিশু হাসপাতাল থেকে ময়লা ফেলা হয়। তিনি আরও বলেন, দুটি প্রতিষ্ঠানই সরকারের। অনুমতির দিক থেকে তাঁদের কোনো সমস্যা নেই। সংস্কার করতে চাইলে শিশু হাসপাতাল তা করতে পারে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও ঢাকা শিশু হাসপাতাল একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে অবস্থিত। এমনকি কিছু ভবনের মাঝ দিয়ে একটি দেয়াল তুলে আলাদা করা হয়েছে। শিশু হাসপাতালের খেলার জায়গাটির অর্ধেক পঙ্গু হাসপাতালের অধীন।