শিশু 'একুশ' কার জিম্মায় থাকবে, জানা যাবে আজ
শিশু ‘একুশ’কে লালনপালনের সুযোগ পাচ্ছেন কে, তা জানা যাবে আজ বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস শুনানি শেষে আজ বুধবার আদেশের দিন ধার্য করেছেন। ছেলেশিশু একুশকে সন্তান হিসেবে লালনপালনের সুযোগ পেতে আদালতে ১৬টি আবেদন জমা পড়েছে।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ ফয়েজ সাংবাদিকদের বলেন, আদালত সব আবেদনকারীর বক্তব্য শুনেছেন। শুনানিকালে উপস্থিত না থাকায় ৩ জনের আবেদন বাতিল করা হয়। বাকি ১৩ জনের মধ্যে কার জিম্মায় শিশুটিকে দেওয়া হবে, সে বিষয়ে আদালত আদেশ দেবেন আজ।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার ময়লার স্তূপে পাওয়া যায় নবজাতকটিকে। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার নাম দেওয়া হয়েছে একুশ। একুশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছে।