শিশুকন্যার মৃত্যু, পাঁচ তলা থেকে মায়ের লাফ

মেয়ের মৃত্যুর পর বাসার পাঁচতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক নাজনীন আখতার। গতকাল সোমবার বিকেলে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটে। নাজনীন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। নাজনীনের স্বামী রকিবুল ইসলাম মুকুল বেসরকারি টেলিভিশন গাজী টিভির (জি টিভি) প্রধান প্রতিবেদক। স্বজনেরা জানিয়েছেন, এই দম্পতির ছয় বছরের শিশুকন্যা চন্দ্রমুখী কয়েক দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। অবস্থা আশঙ্কাজনক হলেও সুস্থ হয়ে হাসিখুশি মেয়েটি বাড়ি ফিরে আসবে—এমনটাই ভেবেছিলেন মা নাজনীন আখতার। কিন্তু মায়ের সেই ভাবনা সত্যি হয়নি। গতকাল বিকেলে শিশু চন্দ্রমুখী মারা যায়। ফুটফুটে যে মেয়েটি দাপিয়ে বেড়াত সারা বাড়ি, সে আর নেই। নাজনীন মেনে নিতে পারেননি এ খবর। বুক হিম করা এ খবর শুনে শিশু হাসপাতাল থেকে কল্যাণপুরে পাঁচতলা বাসায় গিয়েই বারান্দা থেকে লাফ দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় সিটি স্ক্যানের পর চিকিৎসকেরা জানিয়েছেন, নাজনীন আশঙ্কামুক্ত। তবে তাঁর পাঁজরের হাড় ও ডান হাত ভেঙে গেছে। ফুলে গেছে পেছনের মেরুদণ্ড। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। রাতে অস্ত্রোপচার করার পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত হলেও অবস্থা জটিল।