শিশুসহ অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হত্যার দায়ে একমাত্র আসামি মঞ্জুরুল ইসলাম লিপুকে (৪২) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
মঞ্জুরুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ায়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ১৬ নভেম্বর সকালে মঞ্জুরুল ইসলাম তাঁর ভাই ইয়াকুব হোসেন মালিকের রেলপাড়ার বাসায় ঢুকে ভাড়াটিয়া হাবিবুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনা আক্তার (৩২) ও ১২ বছর বয়সী মেয়ে আয়েশা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও কন্যাশিশু খুনের ঘটনায় চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে ১৬ নভেম্বর রাতে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মঞ্জুরুল ইসলামকে একমাত্র আসামি করা হয়। ১৭ নভেম্বর মঞ্জুরুল খুনের দায় স্বীকার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ আমীনুল ইসলামের কাছে জবানবন্দি দেন। সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমীর আব্বাস তদন্ত শেষে ২০১০ সালের ১৬ জানুয়ারি মঞ্জুরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী বেলাল হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী এম এম শাহজাহান মুকুল মামলা পরিচালনা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী হাবিবুর রহমান।