শিশুকন্যাসহ কারাগারে অন্তঃসত্ত্বা নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাসের অন্তঃসত্ত্বা সাফিয়া বেগম (৩৫) কয়েক দিন থেকে বুকে ব্যথা অনুভব করছেন। কোলের দেড় বছরের মেয়ে কবিতার শরীরও ভালো নয়। এই অবস্থায় প্রায় চার মাস ধরে সুনামগঞ্জ জেলা কারাগারে আছেন সাফিয়া।
বাড়িতে আমদানি নিষিদ্ধ মদ রাখার অভিযোগে গত জানুয়ারিতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাবাস করছেন সাফিয়া। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামে। সাফিয়ার স্বামী রফিকুল ইসলামকে না পেয়ে গত ৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে র্যা ব। পরে সুনামগঞ্জ সদর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা করেন র্যা ব-৯ সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) পুলিশ পরিদর্শক অমলেন্দু বিকাশ চন্দ।
মামলার এজাহার থেকে জানা যায়, র্যা বের সদস্যরা ৭ জানুয়ারি সকালে রঙ্গারচর গ্রামে রফিকুলের বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি পালিয়ে যান। র্যা বের সদস্যরা বাড়ির একটি কক্ষ থেকে বস্তায় ভরা আমদানি নিষিদ্ধ ৭৮ বোতল ভারতীয় মদ জব্দ করেন। রফিকুলকে না পেয়ে স্ত্রী সাফিয়াকে দেড় বছরের সন্তানসহ সুনামগঞ্জ সদর থানায় নিয়ে এসে মামলা দায়ের করে র্যা ব। র্যা বের দাবি, স্বামী ও স্ত্রী দুজনই মাদক ব্যবসায়ী।
সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আজিজুল হকের অনুমতিক্রমে গতকাল বুধবার কারাগারের সাক্ষাৎ কেন্দ্রে সাফিয়ার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সাফিয়া বলেন, কিছুদিন থেকে তিনি বুকের ব্যথায় ভুগছেন। শিশুসন্তান কবিতা দুই দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করিয়েছে। তাঁকেও বুকের ব্যথা সেরে যাওয়ার ওষুধ দেওয়া হয়েছে।
সাফিয়া বলেন, বাড়িতে তাঁর আরও ছোট ছোট চারটি মেয়ে সন্তান আছে। তারা শাশুড়ির কাছে আছে। র্যা বের অভিযানের পর থেকে স্বামী পলাতক। কারাগারে কেউই তাঁকে দেখতে আসেনি। সাফিয়া বলেন, ‘আমি নির্দোষ। বাড়িতে অভিযান চালিয়ে স্বামীকে না পেয়ে আমাকে আটক করে র্যা ব।’
সাফিয়া বেগমের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী বলেন, আদালতে এখন পর্যন্ত পাঁচবার সাফিয়ার জামিনের আবেদন করা হয়েছে। সর্বশেষ করা হয় গত ২৭ মার্চ। সরকারি কৌঁসুলি জামিনের বিরোধিতা করেছেন। পরে আদালত জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।
জেল সুপার মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, সাফিয়া বেগম কারাগারে আসার পরই তাঁকে চিকিৎসক দেখানো হয়েছিল। তিনি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আগামী ৫ জুলাই তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। জেল সুপার বলেন, ‘আমরা সাফিয়া ও তাঁর কন্যাসন্তানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছি। মানবিক বিবেচনায় অন্তঃসত্ত্বার বিষয়টি আদালতকে অবহিত করব।’
স্বামীকে না পেয়ে অন্তঃসত্ত্বা সাফিয়াকে গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মামলার বাদী পুলিশ পরিদর্শক অমলেন্দু বিকাশ চন্দ কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে, র্যা বের সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। মামলার নথি না দেখে কিছু বলতে পারবেন না।