শিশুকাল থেকেই দেশপ্রেমের শিক্ষা নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান l ছবি: ফোকাস বাংলা

শিশুকাল থেকেই দেশপ্রেমের শিক্ষা নিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের ছেলেমেয়েদের ভেতর একটি আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে। এ জন্য জাতির পিতা শিশুকাল থেকেই যেমন নিজেকে বিলিয়ে দিয়েছিলেন দেশ ও জনগণের কল্যাণে, ঠিক সেভাবেই শিশুদের গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে এ অনুষ্ঠান।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও শিশু-কিশোর, অভিভাবক-শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘আজ বঙ্গবন্ধুর জন্মদিন। এ দিনটিকেই আমরা জাতীয় শিশু দিবস ঘোষণা করেছি। বঙ্গবন্ধু যখন স্কুলে পড়তেন, তখনই একজন শিক্ষকের নেতৃত্বে একটি সংগঠন গড়ে তোলেন। যার কাজ ছিল ধানের মৌসুমে গোলায় যখন ধান উঠত, সেই ধান বা টাকাপয়সা জোগাড় করে দরিদ্র ছেলেমেয়েদের বই কিনে দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করা, সাহায্য করা। এভাবেই সেই ছোটবেলা থেকে তাঁর দেশসেবার হাতেখড়ি।’

গতকাল শিশু-কিশোরদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। শিশুদের পাশে বসিয়ে বাবার স্মৃতিচারণা করেন তিনি l ছবি: সংগৃহীত
গতকাল শিশু-কিশোরদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। শিশুদের পাশে বসিয়ে বাবার স্মৃতিচারণা করেন তিনি l ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি জিনিস আমরা করার পদক্ষেপ নিয়েছি, একটা শিশুও রাস্তায় ঘুরবে না। স্কুলে যাবে এবং পড়াশোনা করবে।’ তিনি বলেন, ‘আমি সবার কাছে আহ্বান জানাব, প্রত্যেক অভিভাবক ও শিক্ষক দেখবেন, তাঁদের ছেলেমেয়ে কাদের সঙ্গে মেশে। তারা বিপথে যাচ্ছে কি না। কোনো রকম মাদকাসক্তি বা জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না।’

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর ওপর বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।

নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপিত

গতকাল ভোর সাড়ে ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী  সকাল সাতটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শিশু-কিশোরদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। অনুষ্ঠানের একপর্যায়ে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ সেখানে উপস্থিত হন। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শেখ রেহানা নানা স্মৃতিচারণা করেন।