কুড়িগ্রামের এক নারী গত জুনে তাঁর মেয়েকে ১৭ বছর বয়সে বিয়ে দিয়েছেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের এলাকায় বখাটেদের খুব উৎপাত। মেয়েকে ঘরে রাখাই দায় হয়ে যাচ্ছিল। ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়া যে অপরাধ, সেটা তিনি জানেন। কিন্তু তাঁর কোনো উপায় ছিল না।
এই মেয়ের মতো দেশের নারীদের ৩ কোটি ৮০ লাখ শিশুকালে কনে হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। ‘শিশু বিয়ে সমাপ্তি: বাংলাদেশের অগ্রগতির চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, বাল্যবিবাহের হার বেশি, বিশ্বের এমন ১০টি দেশের একটি বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এ দেশে। বর্তমানে ২০-২৪ বছর বয়সী নারীদের ৫১ শতাংশের বিয়ে হয়েছে তাঁদের ১৮তম জন্মদিনের আগেই। আর দেশের নারীদের মধ্যে ১ কোটি ৩০ লাখের বিয়ে হয় তাঁদের বয়স ১৫ বছর হওয়ার আগে।
ইউনিসেফের প্রতিবেদনটি আজ বুধবার প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে বাল্যবিবাহের প্রবণতা ১৯৭০ সালের তুলনায় ৯০ শতাংশের বেশি কমেছে। তবে তা এখনো অনেক বেশি। ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সরকার বদ্ধপরিকর। তবে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাল্যবিবাহ বন্ধের হারে অগ্রগতি গত দশকের তুলনায় কমপক্ষে ৮ গুণ এবং এসডিজির লক্ষ্য পূরণের জন্য ১৭ গুণ দ্রুততর করতে হবে।
যদিও বেসরকারি সংস্থাগুলো বলছে, করোনাকালে দেশে বাল্যবিবাহের সংখ্যা বেড়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের দেওয়া হিসাব বলছে, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শুধু কুড়িগ্রাম জেলায় ২৯১টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এ সময়ে ৬০টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।
সংস্থাটির কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ফ্যাসিলিটেটর লাকি বেগম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শহর থেকে অনেকে গ্রামে চলে এসেছে। ফলে বখাটেপনা বেড়েছে। বাল্যবিবাহও বাড়ছে। পরিবারগুলো সাধারণত মেয়েকে অন্য ইউনিয়নে নিয়ে গোপনে বিয়ে দেয়। ঘটনা যখন জানাজানি হয়, তখন আর করার কিছু থাকে না।
ইউনিসেফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি নাইজার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, মালি, মোজাম্বিক, বুরকিনা ফাসো, সাউথ সুদান, বাংলাদেশ, গুয়েনা ও সোমালিয়ায়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে রয়েছে নেপাল, আফগানিস্তান, ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে। এটি অবশ্য নতুন নয়। বাংলাদেশ এ তালিকায় আগে থেকেই খারাপ অবস্থানে রয়েছে।
বাংলাদেশে বাল্যবিবাহ কমানো যাচ্ছে না কেন জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালার প্রচার আরও বাড়াতে হবে। আর সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগেই বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব।
ইউনিসেফের প্রতিবেদনটি প্রকাশের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বাল্যবিবাহ বন্ধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এতে বাংলাদেশে ইউনিসেফের উপপ্রতিনিধি ভিরা মেন্ডোনকা বলেন, বাল্যবিবাহ বন্ধে প্রচলিত নেতিবাচক রীতিনীতিকে চ্যালেঞ্জ করতে হবে। তিনি মেয়েদের বেঁচে থাকা ও শিক্ষা গ্রহণের অধিকার সুরক্ষিত রাখতে এবং তাদের সহিংসতা ও নিগ্রহের শিকার হওয়া কমাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।