শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় এক শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ২১ বছর পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু গতকাল বুধবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত কোনো আসামিকেই পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তাঁদের পলাতক দেখিয়ে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৬ জুন সাদুল্যাপুর উপজেলার এক মেয়েশিশুকে (১২) অপহরণ করা হয়। শিশুর পরিবারের সঙ্গে পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন মিলে তাকে অপহরণ করেন। তাকে ধর্ষণ করার পর আসামিরা লালমনিরহাটের একটি যৌনপল্লিতে বিক্রি করে দেন। পরে সেখান থেকে শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা চালানো হয়। পাচারের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলা করেন। আসামিরা হলেন আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, মোছাদেকুর রহমান, পারভিন বেগম, মিন্টু মিয়া ও অষিক চন্দ্র মণ্ডল। তাঁদের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর ও লালমনিরহাট জেলায়।
আদালত আব্দুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। শহিদুল ইসলাম ও মোছাদেকুর রহমানকে ১৪ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাঁদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পারভিন বেগমকে ১০ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় মিন্টু মিয়া ও অষিক চন্দ্র মণ্ডলকে বেকসুর খালাস দেওয়া হয়। এ সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।