শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে লিটন মাতুব্বরকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান গতকাল বুধবার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় লিটন মাতুব্বর আদালতে হাজির ছিলেন। লিটন মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালেশ্বর গ্রামের বাসিন্দা।
ওই আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মো. বাবু মোল্লা বলেন, আদালত ধর্ষণের দায়ে লিটন মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া শিশুকে অপহরণ করার দায়ে লিটন মাতুব্বরকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩১ মার্চ ১৪ বছরের ওই নাবালিকাকে অপহরণ করেন লিটন ও তাঁর সহযোগীরা। ওই বছর ২ এপ্রিল ওই শিশুর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে লিটন ও তাঁর পাঁচ সহযোগীকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এর দুই মাস পর ৪ জুন টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে লিটনকে গ্রেপ্তার ও অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন, মোফাজ্জেল শেখ, আয়শা বেগম ও কবির শেখ—এই চারজনের নামে অভিযোগপত্র জমা দেন।
লিটন ছাড়া বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাসের আদেশ দেন।