শিশুকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা
ডাক নাম ফুল। ভালো নাম জারিন নুসাইবা। বয়স আট বছর। হাউজিং এস্টেট বুলবুল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের কেজি শ্রেণীতে পড়ত সে। অপহরণের পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে কুমিল্লা নগরের নূরপুর পুকুর থেকে এই শিশুটির বস্তায় মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত জাফর আহমেদ ওরফে রুবেল (২০) নামের এক অপহরণকারীকে চান্দিনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে গলায় রশি দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মামলার এজাহার, পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ৪ জানুয়ারি সন্ধ্যায় নূরপুর পূর্বপাড়া কাজীবাড়ি থেকে জারিন নিখোঁজ হয়। রাতেই তার বাবা সদর দক্ষিণ উপজেলার উত্তর সিন্দুয়া গ্রামের জাহাঙ্গীর আলম কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় নাঙ্গলকোট উপজেলার ভোলাকোট গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জজকোর্ট এলাকার নৈশপ্রহরী শাহাদাৎ হোসেনসহ (৩০) অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেন। মামলায় একটি মুঠোফোন নম্বর থেকে ৪ জানুয়ারি সন্ধ্যায় জারিনের নানা শামছুল আলমকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টি উল্লেখ করা হয়। শাহাদাৎ দীর্ঘদিন ধরে জারিনের মা সালমা আক্তারকে উত্ত্যক্ত করে আসছিলেন। তিনিই কয়েকজন সঙ্গী নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এরপর কোতোয়ালি মডেল থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। জারিনকে অপহরণ করে হত্যা করেন তার মায়ের চাচাতো ভাই দিদারুল আলম ইমতিয়াজ ও তাঁর বন্ধু জাফর আহমেদ। ৫ জানুয়ারি অন্য এক ঘটনায় ইমতিয়াজকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত ১২টায় চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের নানার বাড়ি থেকে জাফর আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ভোরে নূরপুর কাজীবাড়ির লাগোয়া পুকুর থেকে জারিনের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জারিনের বাবা জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জারিনের বাবা সৌদি আরব প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, অপহরণের পর পরিবারের পক্ষ থেকে শাহাদাৎ হোসেনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু তদন্তে ইমতিয়াজ ও জাফর এ অপহরণে জড়িত বলে জানা যায়। আদালতে দেওয়া জবানবন্দিতে জাফর হত্যার কথা স্বীকার করেছেন।