শিশুকে উপদ্রব ছাড়াই বেড়ে উঠতে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা-বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শাস্তি দেওয়ার পরিবেশ থেকে বের হয়ে আমাদের শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। শিশুদের উপদ্রবহীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।
গতকাল রোববার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। শারীরিক শাস্তি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), গণসাক্ষরতা অভিযান ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘শৃঙ্খলা রক্ষার নামে শারীরিক শাস্তি প্রদানকে বৈধতা দানকারী ব্রিটিশ আমলের রেলওয়ে আইন, চাবুক আইনসহ বিভিন্ন আইন গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে পারে না। এগুলো বাতিল করা প্রয়োজন।’
সেভ দ্য চিলড্রেনের পরিচালক (শিশু সুরক্ষা) লায়লা খন্দকার বলেন, ‘মা-বাবা ভাবছেন শারীরিক শাস্তি দিলে শিশু সঠিকভাবে বেড়ে উঠবে। এই ভাবনা মোটেও ঠিক না। শারীরিক শাস্তি শিশুর ভবিষ্যৎ জীবন ক্ষতির দিকে নিয়ে যায়। এ জন্য শিশুদের শাস্তি দেওয়ার অভ্যাস বা চর্চাকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে হবে।’ ব্লাস্টের সম্মানিত নির্বাহী পরিচালক সারা হোসেন শিশুদের শারীরিক শাস্তি বন্ধে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ব্লাস্টের অ্যাডভোকেসি ও গবেষণার উপদেষ্টা সোমা রায় চৌধুরী সরকার, সুশীল সমাজ ও জাতীয় মানবাধিকার কমিশনের করণীয় সম্পর্কে সুপারিশমালা তুলে ধরেন। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরীফ উদ্দিন, আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আরিফুল কায়সার প্রমুখ বক্তব্য দেন।