শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আম চুরির অভিযোগে সোহেল (১০) নামের এক শিশুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আটক আম দোকানের কর্মচারী আবুল খায়েরের দাবি, আম চুরির অভিযোগে গণপিটুনিতে অসুস্থ হয়ে সোহেলের মৃত্যু হয়েছে। তবে সোহেলের বাবা-মায়ের অভিযোগ, তাঁদের ছেলেকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।সোহেলের বাবা উপজেলার রহিমপুর গ্রামের আলী আজগর ভান্ডারী বলেন, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কুলুবাড়ির গ্রামের মিজানুর রহমানের ফলের দোকান রয়েছে। তাঁরা জানতে পেরেছেন, ‘দোকান থেকে আম চুরির অভিযোগে মিজান এবং তাঁর শ্যালক ধামঘর গ্রামের এরশাদ হোসেন ও ফিরোজ মিয়া সোমবার রাত ১২টার দিকে সোহেলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে তারা সোহেলকে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যা করে। গতকাল সকালে আমার স্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছেলেকে তাঁর কাঁধে তুলে দেয়।’ সোহেলের মা সখিনা বেগম বলেন, ‘বাজারে গিয়ে দেখি, সোহেলকে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। মিজানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “রাতে আমার দোকান থেকে আম চুরি করায় বাজারের লোকজন সোহেলকে পিটুনি দিয়েছে।” এই বলে মিজান, ফিরোজ, এরশাদ সোহেলকে আমার কাঁধে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমি মৃত ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘সকাল ১০টার দিকে আমাদের এখানে আনার আগেই সোহেলের মৃত্যু হয়। তার শরীরে আঘাতে চিহ্ন ছিল।’এ ঘটনায় সোহেল মা সখিনা বেগম ফল ব্যবসায়ী মিজান, এরশাদ, ফিরোজ ও আটক আবুল খায়েরসহ ১৬ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন।ফল ব্যবসায়ী মিজান ও তাঁর শ্যালকদের বক্তব্য পাওয়া যায়নি। আটক দোকান কর্মচারী আবুল খায়ের গতকাল মুরাদনগর থানা হাজতে প্রথম আলোকে বলেন, ‘সোহেল দোকান থেকে একটি আম চুরি করেছিল। এই কারণে তাকে সোমবার রাত ১২টার দিকে আটক করা হয়। পরে গণপিটুনিতে সে অসুস্থ হয়ে পড়ে। গতকাল সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।’ গতকাল সকালে কোম্পানীগঞ্জ বাজারে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। ফলে গণপিটুনি, বেধড়ক মারধর নাকি বৈদ্যুতিক শকে সোহেলের মৃত্যু হয়েছে তা যাচাই করা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানীগঞ্জের লোকজন বলেন, সোহেলের বাবা আলী আজগর ভান্ডারী মুরাদনগর থানা পুলিশের সোর্স। তিনি কোম্পানীগঞ্জ বাজারে ভাঙ্গারি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেন। একচেটিয়া মাদক ব্যবসার কারণে অন্য মাদক ব্যবসায়ীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। আম ব্যবসায়ী মিজানের শ্যালক ধামঘর গ্রামের ফিরোজ ও এরশাদও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে প্রতিশোধ নিতেই তারা ওই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ ব্যাপারে আলী আজগর ভান্ডারী বলেন, তিনি পুলিশের সোর্স নন। মাদক ব্যবসাও করেন না। মাঝেমধ্যে থানায় আসা-যাওয়া করেন এবং থানার বারান্দা ঝাড়ু দিয়ে আসেন। ঘটনার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘আম চুরির অভিযোগে শিশু সোহেলের ওপর নির্যাতন চালানো হলেও আম চুরির প্রমাণ পাওয়া যায়নি। দোকানে আম ঠিকভাবে ছিল। শিশুটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। কালো কালো দাগও ছিল। তার মৃত্যু বৈদ্যুতিক শকে হয়েছে কি না তা ময়নাতদন্ত করেই জানা যাবে।’মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি তিন দিন ধরে থানায় এসে জানতে পেরেছি, মুরাদনগরে কোনো মাদক ব্যবসা নেই। শিশুটি গাঁজা সেবন করে সোমবার রাতে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়নি। তবে বৈদ্যুতিক কাঠের খুঁটির সঙ্গে বেঁধে তাকে পেটানো হয়েছে।’