শিশুকে গলা কেটে হত্যা, চারজনকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে গতকাল রোববার এক যুবক তানিয়া আক্তার (১৩) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছেন। আরও তিন শিশুসহ চারজনকে একইভাবে হত্যার চেষ্টা চালান ওই যুবক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়ন বালা (২১) নামের ওই যুবক মাদকাসক্ত। এ ঘটনায় নয়ন, তাঁর বাবা অমল বালা ও তাঁর চাচি রুনু বালাকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, নিহত শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেন সরদারের মেয়ে হাসিনা আক্তার (২৬), খুশি আক্তার (১৮), তানিয়া আক্তার ও হাসিনার ছয় মাস বয়সী শিশুকন্যা মারুফাকে নিয়ে গতকাল সকাল আটটার দিকে নতুন বাড়ি থেকে পুরান বাড়ি যাচ্ছিলেন। তাঁরা বালাবাড়ি পুকুরপাড়ে পৌঁছালে অমলের ছেলে নয়ন আকসিঞ্চকভাবে তানিয়াকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলেন। এ সময় তানিয়ার বড় বোন হাসিনা এগিয়ে গেলে নয়ন তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁর কোলের শিশু মারুফাকে কেড়ে নিয়ে গাছের সঙ্গে ও মাটিতে আছড়ে ফেলেন।
এলাকাবাসী নয়নকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এর আগে সকাল সাতটার দিকে নয়ন তাঁর বড় বোনের শিশুকন্যা অনন্যা (৪) ও একই গ্রামের আ. হক সরদারের শিশুপুত্র মনিরকে (৮) একইভাবে গলাকেটে হত্যার চেষ্টা করেন।