শিশুকে ধর্ষণ করে সালিসের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে। সন্ধ্যার পর বাড়ির পাশের নলকূপে পানি আনতে গিয়েছিল। দুই যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। রাতে ধর্ষণের পর শিশুটিকে সকালে এক জায়গায় ফেলে যায়। গত সোমবার রাতে ঘটনাটি ঘটে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামে।
এরপর মঙ্গলবার সারা দিন সালিসের চেষ্টা চলে। পরে সেটা ব্যর্থ হওয়ায় গতকাল বুধবার মেয়েটির মা বাদী হয়ে বাঘা থানায় ধর্ষণের মামলা করেছেন।
এজাহারে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার পর শিশুটি বাড়ির পাশে নলকূপে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের ঝন্টু ও রায়হান তাকে জোর করে তুলে নিয়ে একটি আমবাগানে যায়। এরপর চোখ বেঁধে শিশুটিকে একটি বাড়িতে নেয়। দুজন মিলে তাকে রাতভর নির্যাতন করে। পরদিন মঙ্গলবার সকালে গ্রামের চিকিৎসক জাম্মার আলী তাকে উদ্ধার করে নিয়ে আসেন। মেয়েটির পরিবার এ বিষয়ে মামলা করার উদ্যোগ নিলে গ্রামের কয়েকজন মাতবর সালিসে মীমাংসার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় গতকাল সকালে মেয়েটিকে নিয়ে তার মা থানায় আসেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।