শিশুকে ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে ফেরদৌস আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে পুলিশ উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ধর্ষণ ও ভিডিও করার কথা অকপটে স্বীকার করে ফেরদৌস। সে পুলিশকে জানায়, কৌতূহলে বন্ধুদের ভিডিওটি দেখিয়ে ভুল করেছে। বন্ধুদের মধ্যে কেউ ওই ভিডিওটি গ্রামে বিভিন্ন মুঠোফোনে ছেড়ে দেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে সখীপুর থানায় ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণের ধারায় মামলা করেন।

পুলিশ জানায়, মাস খানেক আগে ফেরদৌস নিজ বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে প্রতিবেশী ওই শিশুকে ডেকে এনে ধর্ষণ করে। পরে তা ভিডিওর মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন।
ফেরদৌসের বাবার নাম ফরহাদ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করছেন।