শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর নাম রেদোয়ান হোসেন (২৫)।

গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন একটি কলোনিতে এ ঘটনা ঘটে। রেদোয়ান পেশায় রিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পাঁচ বছর বয়সী শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে খেলছিল। এ সময় রিকশা নিয়ে রেদোয়ান শিশুটির কাছে এসে দাঁড়ায়। এরপর খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হাতেনাতে ওই যুবককে আটক করে। এরপর তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। ধর্ষণের শিকার হয়েছে কিনা তা পরীক্ষা শেষে বলা যাবে। গণধোলাইয়ে আহত রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।