শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
শেরপুরের নকলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে হুরমুজ আলী (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ধর্ষণের শিকার শিশুটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হুরমুজ নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত মগর আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি মাতৃহীন। তার বাবা মানসিক ভারসাম্যহীন। সে চাচার বাড়িতে থাকত। ২০১৫ সালের ৬ আগস্ট দুপুর ১২টার দিকে বাড়ির সামনে খেলা করার সময় হুরমুজ আলী শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে পরের দিন ৭ আগস্ট শিশুটির চাচা বাদী হয়ে হুরমুজ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নকলা থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ নভেম্বর নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফায়েল আহম্মেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ রায় দিলেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া রাষ্ট্রপক্ষে ও শাহীন হাসান খান আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন।