শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ মামলার রায় ঘোষণা করেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সিদ্দিকুর রহমানের বাড়ি বরগুনার বেতাগীতে। মামলা দায়েরের দিন থেকে তিনি কারাগারে আটক আছেন। রায়ে বলা হয়, হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ এপ্রিল বেলা তিনটার দিকে বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় ওই শিশুকন্যাকে (৩) পাশের বাড়ির দারোয়ান সিদ্দিকুর তাঁর কক্ষে নিয়ে ধর্ষণ করেন। কাঁদতে কাঁদতে শিশুটি বাসায় ফেরার পর তার মা বিষয়টি বুঝতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা করা হয়। পরদিন শিশুটির বাবা এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে আটজন সাক্ষী উপস্থাপন করা হয়।