শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
গাজীপুরে কালীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. সোহেল খান (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া সোহেল খান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর দিনপাড়া গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি শাহজাহান জানান, ২০১৩ সালের ২ জুলাই রাত ১০টার দিকে মা-বাবা ও ভাইয়ের সঙ্গে ওই শিশুও ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সবাই ঘরের বাইরে যায় এবং ১৫-২০ মিনিট পর ফিরে আসে। এরই ফাঁকে প্রতিবেশী সোহেল ঘরে ঢুকে লুকিয়ে থাকে। পরে সবাই আবার ঘুমিয়ে পড়লে সোহেল ওই শিশুটির মুখে চেপে ধরে ঘরের পাশের চালা জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদা এগিয়ে গেলে সোহেল খান পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়।
এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুর বাবা পরদিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই সোহেলকে গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানার এসআই ইয়াসিন আলী তদন্ত করে ওই বছরের ২ অক্টোবর সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।