শিশুকে ধর্ষণের পর পুকুরে নিক্ষেপ
ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্যাহ গ্রামে গত রোববার বিকেলে ধর্ষণের পর এক শিশুকে পুকুরে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রথম শ্রেণীর ছাত্রী ওই শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ আহম্মেদ রোববার রাতে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে সন্ধ্যা সাতটার দিকে তাঁর হাসপাতালে আনা হয়। শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। হাসপাতালে অবেদনবিদ না থাকায় শিশুটিকে বরিশালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার রাত নয়টার দিকে ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, রক্তাক্ত ও নিস্তেজ শিশুটিকে নিয়ে তার মা-বাবা কাঁদছেন। শিশুটির মা বলেন, ‘আছরের নামাজ পড়ে বাইরে গিয়ে দেখি, পুকুরের মধ্যে মেয়েটি (৬) হাবুডুবু খাচ্ছে। তাকে উদ্ধার করে দেখি, দুই পা বেয়ে রক্ত ঝরছে। পরে মেয়ের কাছে জানতে পারলাম, প্রতিবেশী নুরুল হকের ছেলে নাঈম তাদের ঘরে নিয়ে মেয়েকে ধর্ষণ শেষে পাশের বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে মেয়েটি না যেতে চাইলে নাঈম তাকে পুকুরে ফেলে দেয়।’শিশুটির মা আরও বলেন, ‘রক্ত বন্ধ না হওয়ায় মেয়েকে প্রথমে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে নিতে বলা হয়। এখানেও ডাক্তার রক্ত বন্ধ করতে পারছে না।’ ভোলা উদীচীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাপ্পী জানান, ওই শিশুর পরিবারের অবস্থা দেখে তাঁরা বিভিন্ন সংস্থা ও ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাত ১২টার দিকে স্পিডবোটে করে শিশুটিকে বরিশালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।