শিশুকে ধর্ষণের পর ব্লেড দিয়ে হত্যাচেষ্টা, দুই ধর্ষক গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার বেগমপুর এলাকায় গত বুধবার এক শিশুকে (৭) ধর্ষণের পর ব্লেড দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলো: রাজশাহীর বাঘা থানার উদয়নগর গ্রামের লালু মিয়ার ছেলে নাসিরুল ইসলাম (১৪) ও গাজীপুর সদর উপজেলার বেগমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আজিজুল ইসলাম (১৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বেগমপুর রাজশাহী মার্কেট এলাকায় আওলাদের দোকানের সামনে থেকে গত বুধবার বিকেলে সাত বছরের এক মেয়েশিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তারা ডেকে নেয়। পরে তাকে পাশের রহিম মিয়ার রান্নাঘরে নিয়ে যৌন নির্যাতন করে। কিন্তু ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে পাশের খতিব খামারবাড়ির উত্তরে গজারি বনের ভেতরে নিয়ে ব্লেড দিয়ে গলা কেটে খুনের চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকেরা পালানোর চেষ্টা করে। ওই সময় এলাকাবাসী ধর্ষক আজিজুল ও নাসিরুলকে আটক করে পুলিশে খবর দেয়।