শিশুকে ধর্ষণের পর হত্যা
ধর্ষণচেষ্টার অভিযোগে জুতাপেটা করায় ক্ষুব্ধ হয়ে তাসলিমা আক্তার (৮) নামের এক শিশুকে গলা টিপে হত্যা করেছেন এক যুবক। গতকাল শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবক মহিম হোসেন (২০), তাঁর সহযোগী মনির হোসেন (১৮) ও মহিমের বাবা বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, তাসলিমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেছেন।
মোক্তার হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগে পাশের বাড়ির মহিম আমার মেয়ে তাসলিমাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনায় গ্রামে সালিস বৈঠক হয়। বৈঠকে মহিমকে জুতাপেটা করা হয়। এরপর মহিম বেশ কয়েকবার আমাকে শাসায়। আজ (শনিবার) বেলা ১১টায় তাসলিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সড়কের লাগোয়া ধানখেতের মধ্যে ধর্ষণ করে। পরে মেয়েটিকে দিঘিতে নামিয়ে গলা টিপে হত্যা করে লাশ সড়কের পাশের নালার মধ্যে ফেলে রাখে। এলাকাবাসী তাসলিমার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি, তাসলিমার লাশ পড়ে আছে।’
তাৎক্ষণিক গ্রামবাসী মহিমের বাড়ি ঘেরাও করেন। এরপর তাঁরা মহিম, তাঁর বাবা বাবুল মিয়া ও তাঁর বন্ধু মনিরকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তাসলিমা বড় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনাস্থলে যান।
গ্রামের কয়েকজন বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় মহিমকে জুতাপেটা করায় ওই শিশুটিকে প্রাণ দিতে হলো। মহিম এলাকার বখাটে। তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যরা দাবি করছেন, তাসলিমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।
কোতোয়ালি থানায় গতকাল দুপুরে মহিম প্রথম আলোকে বলেন, ‘জুতাপেটা করায় ক্ষিপ্ত হয়ে আমি তাসলিমাকে হত্যা করেছি। তবে তাকে ধর্ষণ করিনি।’