শিশুকে ধর্ষণের পর হত্যা
মামাতো ভাই রায়হানের সঙ্গে ঢাকায় বেড়াতে এসেছিল দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট রুমি (৭)। অথচ সেই ভাইটিই রুমিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেল। গতকাল রাজধানীর বিমানবন্দরের উল্টোদিকের আবাসিক হোটেল সেতু ইন্টারন্যাশনাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে দক্ষিণখান থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রায়হান নামে এক যুবক রুমিকে নিয়ে সেতু ইন্টারন্যাশনাল হোটেলে আসে। তারা ভাই-বোন পরিচয় দেয়, সঙ্গে শিশু থাকায় হোটেল কর্তৃপক্ষ কোনো সন্দেহ করেনি। রায়হান হোটেলের অভ্যর্থনায় জানায়, তারা দক্ষিণখানে এক আত্মীয়ের বাসায় এসেছিল। ঠিকানা খুঁজে না পাওয়ায় তারা হোটেলে আশ্রয় নিতে এসেছে। এরপর তাদের চতুর্থ তলার ৫১ নম্বর কক্ষটি বরাদ্দ দেয় হোটেল কর্তৃপক্ষ। কিন্তু গতকাল সকালের পর থেকে রায়হানের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অথচ তারা হোটেল ছেড়েও যায়নি। একপর্যায়ে হোটেলের কর্মীরা জানালায় উঁকি দিয়ে শিশুটির উলঙ্গ লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম জানান, হোটেলে রায়হান ঠিকানা দিয়েছিল—বাড়ি ব্রাহ্মণগ্রাম, শাহীপুর, সুনামগঞ্জ। বাবার নাম মাওলানা আবুল বাশার। এই ঠিকানার সূত্র ধরেই পুলিশ শিশুটির আসল ঠিকানা খুঁজে পায়। শিশুটির বাবার সঙ্গে পুলিশের কথা হয়েছে। তিনি জানান, শিশুটির বাবার নাম আবদুল লতিফ, বাড়ি সিলেটের গোয়ালাবাজারে। শিশুটি সিকন্দরপুরের আল হুসেন একাডেমিতে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।ওসি জানান, শিশুটির বাবা এসে এ বিষয়ে থানায় মামলা করবেন। পুলিশ একটি জিডি করে শিশুটির লাশ মর্গে পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে, নিহত রুমির মামাতো ভাই রায়হান। রায়হান একজন কোরআনে হাফেজ।