শিশুকে ধর্ষণের পর হত্যা: এক আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের শিশু রুবিনাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া জুয়েল (মাঝে) ও মিন্টু (ডানে)। ছবি: আলম পলাশ
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের শিশু রুবিনাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া জুয়েল (মাঝে) ও মিন্টু (ডানে)। ছবি: আলম পলাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের শিশু রুবিনা আক্তারকে ধর্ষণ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. মাসুম হোসেন ওরফে মিন্টু (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলা​র অন্য আসামি জুয়েলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুজনকে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার বিশ্বাসের আদালতে হাজির করার পর মাসুম দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জুয়েলকে ১০ দিনের রিমান্ডে চান। শুনানির পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি দুজনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সেকদি গ্রামে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে ডিবি ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮ সেপ্টেম্বর রাত একটায় লক্ষ্মীপুর জেলা সদরের হাজির হাট এলাকা থেকে মিন্টুকে এবং গতকাল (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় গাজীপুর জেলার কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে দুজনই।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টির মধ্যে একা পেয়ে জুয়েল ও মিন্টু একটি ঘরে নিয়ে শিশু রুবিনাকে ধর্ষণ করে। এতে শিশুটির অনেক রক্তক্ষরণ হলে তাঁরা গলাটিপে হত্যা করে শিশুটির লাশ বস্তায় ঢুকিয়ে পার্শ্ববর্তী বিলের একটি ঝোপে ফেলে দেয়।

এদিকে, রুবিনা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই দিনই তাঁরা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ বিষয়টিকে তেমন গুরুত্বই দেয়নি বলে পরিবারের অভিযোগ। এক মাস পর গত ২৫ আগস্ট সকালে রুবিনার মা ফাতেমা বেগম ওই এলাকার মাছের একটি খামারের কাছে বিলের ঝোপের পাশে মেয়ের বস্তাবন্দি অর্ধগলিত লাশ পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। এদিন রুবিনার বাবা টেলু মিজি এলাকার যুবক মিন্টুকে আসামি করে একটি মামলা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার শামসুন্নাহার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে রহস্য উদ্ঘাটন করেন এবং ডিবি পুলিশের সহায়তায় আত্মগোপনে থাকা মিন্টুকে আটক করতে সক্ষম হন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জুয়েলকেও আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় ‘তিন শিশু খুন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
আরও পড়ুন:
শিশুকে-ধর্ষণের-পর-হত্যার-অভিযোগে-দুই-যুবক