শিশুকে ধর্ষণের পর হত্যা, তিন আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে ১২-১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে তিন আসামিকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে এ রায় দেওয়া হয়। আসামিরা হলেন সায়েদ আহমেদ, রুহুল আমিন ও আতিক। তাঁদের মধ্যে সায়েদ ও রুহুল আমিন কারাগারে আছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান এবং আসামিপক্ষে আইনজীবী এ এস এম আবদুল মোবিন মামলা পরিচালনা করেন।
পরে মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আসামি আতিক এখনো পলাতক।
২০০৬ সালের ২৮ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জের নলুয়া হাওর এলাকার কাশবনে একটি শিশুর (১২-১৩ বছর) লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক তাপস সরকার অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘটনায় জড়িত তিন আসামিকে চিহ্নিত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০৭ সালের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর আগে ওই বছরের ৮ জানুয়ারি আসামি সায়েদ ও রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।