শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শিশু সাবিহাকে (৭) ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম আবু তালেব (৩৮)। তিনি মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি মেহেদী হাসান বলেন, শিশু সাবিহাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এরপর তাকে হত্যা করা হয়। মামলায় একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশু সাবিহা নিজ বাড়ির আঙিনায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টার দিকে একটি ধানখেতের পাশ থেকে সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করার সময় প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত শিশুর বাবা ভাষা আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। এরপর ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।