শিশুকে নির্যাতনের অভিযোগে পুঠিয়ায় দুই বাসচালক গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় শিশু নির্যাতনের অভিযোগে দুই বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া দুই বাসচালকের নাম আক্কেল আলী ও নজরুল ইসলাম। আক্কেলের বাড়ি পুঠিয়া উপজেলার বারোইপাড়া গ্রামে এবং নজরুলের কৃষ্ণপুর কাজীপাড়া গ্রামে।
একটি যাত্রীবাহী বাসের সিডি চুরির অভিযোগে গত মঙ্গলবার সকালে পুঠিয়ায় নাজমুল হক (১২) নামের ওই শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। শিশুটি একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। শিশুটির বাবার নাম হাফিজুর রহমান। বাড়ি উপজেলার বারোইপাড়া গ্রামে। এ ঘটনায় শিশুটির বাবা পুঠিয়া থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে আক্কেল ও নজরুলকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, পুঠিয়ার খান ফিলিং স্টেশনের সামনে শিশুটিকে নির্যাতন করা হয়। এর মধ্যে নজরুল ইসলাম শিশুটির মাথার চুল কেটে দেয়।