শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণালংকারের লোভে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফৈতাদি নাগরাপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সাদিয়া (৭) নামের এক শিশুকে নৌকার বৈঠা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাদিয়া উপজেলার ফৈতাদি নাগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু (১৫) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সাদিয়াদের পাশের বাড়িতে থাকে আবু।এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে ফৈতাদি নাগরাপাড়া এলাকার জর্ডান-প্রবাসী ইয়াকুব মিয়ার মেয়ে সাদিয়া বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। এ সময় পাশের বাড়ির আবু ও তার সঙ্গী সাদিয়াকে নৌকায় ঘোরানোর কথা বলে একটি পাশের বিলে নিয়ে যায়। সেখানে সাদিয়াকে তারা নৌকার বৈঠা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। তারা সাদিয়ার স্বর্ণের কানের দুল ও চেইন নিয়ে লাশ ওই বিলে হাঁটুপানির নিচে একটি ধানখেতে লুকিয়ে রাখে। পরে সন্ধ্যায় সাদিয়ার সহপাঠী সুধা (৫) ও ইমরান (৬) জানায়, আবু সাদিয়াকে ডেকে নিয়ে যেতে দেখেছে তারা। পরে এলাকাবাসী আবুকে আটক করে পিটুনি দিলে সে সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়।