শিশুকে বলাৎকারের অভিযোগে ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার
আবাসিক হোটেলে আটকে রেখে এক ছেলেশিশুকে (১২) বলাৎকারের অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেট নগরের ধোপাদীঘিরপাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল থেকে ব্রিটিশ নাগরিক পিটার এলিসনকে (৫৬) গ্রেপ্তার করা হয়।পিটারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/ক ধারায় মামলা করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ারউদ্দিন চৌধুরী। পিটারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে তাঁকে সিলেট মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম শামসুদ্দিন মাসুমের আদালতে পাঠানো হয়। আদালত আজ বুধবার শুনানির দিন ধার্য করে পিটারকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একই আদালতে শিশুটি ২২ ধারায় ঘটনার জবানবন্দি দিয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে পুলিশের নিরাপত্তা হেফাজতে সেফ হোমে পাঠানো হয়েছে।শিশুটির বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। আদালতে জবানবন্দি দিতে যাওয়ার আগ মুহূর্তে শিশুটি সাংবাদিকদের বলে, পিটার তার মা-বাবাকে বলেছেন, তাকে নিয়ে ‘ফিল্ম’ বানাবে। তিনি তাকে নিয়ে চার দিন আগে হোটেল মেট্রোতে ওঠেন। পিটার তাকে দিয়ে শরীর মালিশ করাত। গত সোমবার রাতে ও গতকাল পিটার তাকে বলাৎকার করে। হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের একজন ব্যবস্থাপক বলেন, পিটার গত শনিবার ওই শিশুটিকে নিয়ে হোটেলের চতুর্থতলার ৩০৯ নম্বর কক্ষে ওঠেন। গত সোমবার দিবাগত রাতে শিশুটি হোটেলের এক ব্যবস্থাপককে জানায়, পিটার তাকে জোর করে বলাৎকার করছে। গতকাল সকালে শিশুটি আরেকবার বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার পর হোটেলের লোকজন বিষয়টি গোপনে পর্যবেক্ষণ করে সত্যতা পান। এ ব্যাপারে তাঁরা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা ও মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা সেখানে যান। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ব্রিটিশ নাগরিক পিটার এলিসন ওই শিশুকে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘ফিল্মমেকার’ বলে পরিচয় দেন। তিনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন বলেও জানান। হোটেলে তাঁকে আটক করে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের সিলেট কার্যালয়ে খবর দেওয়া হয়। সেখান থেকে হাইকমিশনের তিন কর্মকর্তা হোটেলে ছুটে আসেন। তাঁরা পিটারের সঙ্গে কথা বলে তাঁর পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করে তা যাচাই করেন। দেখতে পান, পিটারের বিরুদ্ধে লন্ডনে যৌন নিপীড়নের মামলা আছে। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক, প্রামাণ্যচিত্র নির্মাতা নন। পুলিশ কমিশনার বলেন, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা পিটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।