শিশুকে বাঁচাতে গিয়ে আরেক শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল আরেক শিশু। ওই শিশু ঠিকই উদ্ধার হয়েছে। তবে পরোপকারী সেই শিশুটি এখনো রয়েছে নিখোঁজ। এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে।
নিখোঁজ হওয়া শিশুটির নাম মো. শামীম মিয়া (১২)। সে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত রফিদ উল্লাহর ছেলে। উদ্ধার হওয়া শিশুর নাম তানজিলা (৭)। সে শামীমের ভাতিজি। তানজিলার বাবার নাম আবদুল মালেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শেরপুরের পাকুড়িয়া গ্রাম থেকে পরিবারের সদস্যদের সঙ্গে শামীম ও তার বড় ভাইয়ের মেয়ে তানজিলা উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে তানজিলার নানাবাড়িতে বেড়াতে আসে। বেলা ১১টার দিকে তানজিলা ও শামীম বাড়ির পাশের কলস নদে বাঁধা একটি নৌকায় ওঠে। এ সময় হঠাৎ করে তানজিলা নদীতে পড়ে যায়। শামীম তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে ভাতিজিকে অন্য আরেকজনের সহায়তায় উদ্ধার করে। কিন্তু সে আর সাঁতরে তীরে উঠতে পারেনি। শামীমের সন্ধান না পেয়ে তার পরিবারের লোকজন সন্ধ্যায় শেরপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ওই দুই স্টেশনের সাতজন ডুবুরি ঘটনাস্থলে এসে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়েও শামীমকে উদ্ধার করতে পারেনি।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, শেরপুর ও ময়মনসিংহের ডুবুরি দল দুই দফায় এক কিলোমিটার নদীর ভাটিতে অভিযান চালিয়েছে। কিন্তু শামীমের কোনো সন্ধান পাওয়া যায়নি।