শিশুকে বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগ!
পঞ্চগড়ের বোদার বাকডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে নৈশপ্রহরী কাম পিয়ন (অফিস সহকারী) পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাসেল আল মামুদ নামের এক প্রার্থীর বাবা মন্তাজ আলী ওই অভিযোগ করেন।
মন্তাজ অভিযোগ করে জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম অর্থের বিনিময়ে প্রদীপ কুমার রায় (১২) নামের এক শিশুকে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম অফিস সহকারী পদে নিয়োগ দেন। তিনি টাকা নিয়ে তথ্য গোপন করে প্রদীপের বয়স ১৮ বছর দেখিয়ে ওই চাকরি দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রদীপ রায় ওই এলাকার কালিয়াগঞ্জ নবারুণ উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ওই চাকরি পায়।
কালিয়াগঞ্জ নবারুণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র রায়ও প্রদীপ তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে নিশ্চিত করেছেন।
তবে সাইদুল ইসলাম অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জন্মসনদ ও অষ্টম শ্রেণি পাস সনদে প্রদীপ রায়ের বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে।