শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের শিশুকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা। গতকাল শনিবার রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম পেয়ারা বেগম। তিনি খলিলুর রহমানের স্ত্রী। শিশুটির নাম রুমানা। নাটোর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় অসুস্থ অবস্থায় মা ও শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিকিত্সা শুরু হয়েছিল। কিন্তু সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। রাত আটটার দিকে তারা মারা যায়।
চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে স্বামী খলিলুর রহমানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পেয়ারা বেগমের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে পেয়ারা বেগম তাঁর তিন বছরের শিশু রুমানাকে বিষ খাইয়ে পরে নিজেও বিষ খান। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। প্রতিবেশীরা জানতে পেরে তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
স্বামী খলিলুর রহমান বলেন, ‘আত্মহত্যা করার মতো কোনো কারণ ঘটেনি। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। জানার পর তাদের চিকিত্সার জন্য সব রকম ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি।’ গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।