শিশুকে বিয়ে করতে রাজি হওয়ায় বর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে রাজি হওয়ায় বর বিল্লাল হোসেনকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।এ ছাড়া কনের মা-বাবা ও বরের বাবা-চাচাকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান গত রোববার রাতে এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামের আবদুল খালেকের ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়ায় চাকরি করেন। তিনি তিন মাসের ছুটিতে ১৫ দিন আগে বাড়িতে আসেন। তাঁর অভিভাবকেরা কসবা পৌর এলাকার শীতলপাড়ার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ের (১৪) সঙ্গে বিয়ে ঠিক করেন। গতকাল সোমবার দুপুরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।খবর পেয়ে রোববার রাত সাড়ে আটটায় গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কসবা থানার পরিদর্শক (তদন্ত) কনের বাড়িতে যান। তাঁরা সেখান থেকে কনে ও তার মা-বাবাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। ওই রাতেই বর ও তাঁর মা-বাবাকেও ডেকে আনেন। সেখানে আদালত বসিয়ে শিশু কনেকে বিয়ের সম্মতি দেওয়ায় প্রাপ্তবয়স্ক বর ও উভয় পক্ষের অভিভাবকদের ওই দণ্ডাদেশ দেন।