শিশুকে রক্ষা করবেন কীভাবে?

সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি শিশু ধর্ষণের ঘটনার খবর গণমাধ্যমে এসেছে। ধর্ষণ ও যৌন নিপীড়নের ব্যাপারে স্বভাবতই শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন মা-বাবা। কীভাবে রক্ষা করবেন আদরের সন্তানকে—এ ভাবনা তাঁদের ঘিরে ধরেছে।
বাংলাদেশে যৌন নির্যাতনের হাত থেকে শিশুদের সুরক্ষা ও অভিভাবকদের কাউন্সেলিং করতে কাজ করে, এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। এদের একটি ব্রেকিং দ্য সাইলেন্স। বেসরকারি এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় ১৯৯৪ সাল থেকে বিষয়টি নিয়ে কাজ করছে। পরিচিতজনদের মাধ্যমেও যে শিশুরা নির্যাতনের শিকার হয়, এ বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি ও কাউন্সেলিং সেবা দিচ্ছে সংগঠনটি। এ প্রতিষ্ঠানটির অনুসরণ করা বিষয়গুলো অভিভাবকদের সহায়তা করতে পারে।
ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা প্রথম আলোকে বলেন, ১৯৯৭ সালে তাঁরা একটি গবেষণা প্রতিবেদনে ৫০টি যৌন নির্যাতনের ঘটনা বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, ৪৬ জন নির্যাতনকারীই ছিল শিশুর পরিবারের সদস্য, পরিচিত ও আপনজন। সংগঠনটির অভিজ্ঞতা হলো শতভাগ শিশুই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। তাই শিশুর অভিভাবককে প্রথমেই বিশ্বাস করতে হবে যে শিশুর বয়স যা-ই হোক না কেন, তারা যৌন নির্যাতনের শিকার হতে পারে। পরিবারের সব সদস্যকে বিশ্বাস করা যাবে না। ভুক্তভোগী শিশুর অভিভাবকের প্রতি সমাজকে এগিয়ে আসতে হবে; ওই শিশুর পরিচিতি প্রকাশ না করা, পরিবারকে হেয় না করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। নিশ্চিত করতে হবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি।
প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা, সাতক্ষীরা ও শ্রীমঙ্গলের চা-বাগানে শিশু ও অভিভাবকদের বিভিন্ন সেবা দিচ্ছে। নিজস্ব ফেসবুক পেজ, ই-মেইল ও ওয়েবসাইটে অভিভাবকদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে তারা। অভিভাবকদের তরফ থেকে করা প্রশ্নগুলো হচ্ছে—এত বাচ্চা থাকতে আমার বাচ্চার সঙ্গেই কেন এমন হলো? ওর কি কোনো দোষ ছিল? ও কি নিজেকে রক্ষা করতে পারত না? ওকে এখন কোথায় নিয়ে যাব? অন্যরা আমার পরিবারকে ঘৃণা করবে না তো? আমার সন্তানের জন্য এখন আমি কী করতে পারি? সন্তান কি আবার স্বাভাবিক হতে পারবে? আবার অনেক অভিভাবক তাঁর ছোটবেলায় ঘটে যাওয়া নির্যাতনের কথা উল্লেখ করে সহায়তা চান।
এসব প্রশ্নের উত্তরে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুকে ধর্ষণসহ যৌন নির্যাতনের ঘটনা শুধু আপনার সন্তানের বেলায় ঘটেনি, আগেও অনেক শিশুর সঙ্গে এমনটা হয়েছে। বেশির ভাগ অভিভাবক বিষয়টি গোপন করেন। সচেতন অভিভাবক হিসেবে সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে কাউন্সেলিংসহ বিভিন্ন সেবা নিতে হবে। ধর্ষণের জন্য শিশুকে দোষী ভাবার কোনো কারণ নেই, সে শুধু ঘটনার শিকার। শিশু যাতে এ ধরনের পরিস্থিতির শিকার না হয়, সে জন্য শিশুটিকেও নিজেকে সুরক্ষার বিষয়গুলো শেখাতে হবে। শিশু যাতে অভিভাবককে সব কথা বলতে পারে, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে যৌন হয়রানির ঘটনার শুরু থেকেই শিশুটি তা জানাতে পারবে। নিজের সন্তানকে বিশ্বাস করতে হবে, সে যাতে মনে না করে যে বড়রা তার কথা শুনবেন না। যৌন হয়রানির শিকার হলে শিশু যাতে ‘আপনি আমার সঙ্গে এ রকম কাজ করবেন না’ বা ‘আমি এটা পছন্দ করছি না, আমি সবাইকে বলে দেব’—এ কথাগুলো সাহস করে বলতে পারে, সেভাবে তাকে গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘উইন্ডো মেথড’ পদ্ধতিতে কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স। এতে ‘আমার শরীর, আমার সীমানা’ কৌশল ব্যবহার করা হয়। কৌশলটি বর্তমানে হাইতি ও ডেনমার্কেও ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে ধাপে ধাপে শিশুকে যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার শিক্ষা দেওয়া হয়। এতে তিন থেকে ছয় মাস সময় প্রয়োজন। পুরো ধাপটি শেষে শিশু তার শরীরের সীমানা রক্ষার কৌশলগুলো রপ্ত করতে পারে এবং প্রয়োজনে তা প্রয়োগ করতে পারে। শিশুরা বুঝতে পারে—‘দুহাত দিয়ে তৈরি ত্রিভুজ আকার, সেই তো শরীরের সীমানা সবার’।
প্রতিষ্ঠানটি যৌন নির্যাতনের শিকার শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কিছু সুপারিশ করেছে। তারা বলছে, শিশুকে অবশ্যই কাউন্সেলরের কাছে নিতে হবে। শারীরিক আঘাতের চিকিৎসা করাতে হবে। শিশুর মনের অবস্থা পরিবর্তনের জন্য তার পছন্দের কোনো জায়গায় বেড়াতে নিতে হবে। তার সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না, যাতে সে মনে আঘাত পায়। ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা ঘটলেও তার জীবনে এ বিষয়টি তেমন বড় কোনো বিষয় নয়—তা বড়দের আচরণে প্রকাশ করতে হবে। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাজে শিশুকে উৎসাহ দিতে হবে। খেলাধুলার পরিবেশ তৈরি করা বা গল্পের বই পড়ার সুযোগ করে দিতে হবে। শিশুটির জন্য আইনগত সেবা নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদি কাউন্সেলিং ও অন্যান্য সহায়তার মাধ্যমে শিশুটি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে এ জন্য অভিভাবকদের ধৈর্য ধরতে হবে।