রাজধানীতে এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেছেন, পারিবারিক নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই শিশুকে শেখাতে হবে নারীর প্রতি অবজ্ঞা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। শেখাতে হবে নারী একজন মানুষ। এ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’—স্লোগান সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ প্রশাসন ও নাগরিক সমাজের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম নারী ও শিশু নির্যাতনের খবরগুলো যখন গণমাধ্যমে দেখানো হবে, তখন সাবটাইটেলে নারী ও শিশু নির্যাতন দণ্ডনীয় অপরাধ লেখা দেখানোর সুপারিশ করেন।
সংস্কৃতিসচিব আকতারী মমতাজ পরিবারে শিশুদের সঠিক পরিবেশে বড় করার বিষয়ে গুরুত্ব দেন। ইটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে জেন্ডার নীতিমালা এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি থাকা প্রয়োজন।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ লায়লা আরজুমান্দ বানু বলেন, কন্যাশিশুকে অনেক পরিবারই এখনো ভালোভাবে মেনে নিতে পারে না। আর তাই জন্ম থেকেই শুরু হয় তার প্রতি বৈষম্য।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধীর শাস্তি কার্যকর করা সম্ভব হয় না। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পুলিশকে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, তাকেও জেন্ডার সংবেদনশীল হতে হবে। বিজ্ঞপ্তি।