শিশুকে শ্বাসরোধে হত্যা, দুজন গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার মেরাজ আলী (৪) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী ওই শিশুর চাচা ও ফুফুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মেরাজ উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নুরুল ইসলামের সঙ্গে তাঁর ভাই রফিকুল ইসলাম ও বোন মর্জিনা খাতুনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তিন ভাইবোন একই বাড়িতে বসবাস করেন। গতকাল সকালে নুরুল ইসলাম তাঁর ছেলে মেরাজ আলীকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে বের হন। বেলা দুইটায় ওই দম্পতি বাড়ি ফিরে ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে ছুটে এলে রফিকুল ইসলাম ও মর্জিনা খাতুন বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মেরাজ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। রফিকুল ইসলাম ও মর্জিনাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।