শিশুকে হত্যা করলেন বাবা
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে তায়েবা আক্তার (৩) নামের এক শিশুকন্যাকে হত্যা করেছেন বাবা। গত রোববার উপজেলা সদরের মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই শিশুর বাবা আবুল কালাম পলাতক।
শিশুটির মা খাদিজা আক্তার গত রোববার রাতে কালামকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, কালাম ঢাকায় রিকশা চালাতেন। সেখানে খাদিজাকে ছয় বছর আগে বিয়ে করেন। তাঁদের সায়েমা (৫) ও তায়েবা (৩) নামের দুটি মেয়ে রয়েছে। অভাবের কারণে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। রোববার দুপুরের খাবার খেতে বসে কালাম স্ত্রীকে জানান, তিনি একজনের কাছ থেকে চার হাজার টাকা এনেছিলেন, এখন সুদে-আসলে পাঁচ হাজার হয়েছে। এ টাকা তোমাকে দিতে হবে। ওই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার সময় তায়েবা বারবার বাবার কাছে গেলে বিরক্ত হয়ে কালাম তাঁকে বাড়ির সামনে পাকা রাস্তায় নিয়ে আছাড় মারেন। পরে গুরুতর আহত তায়েবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঈন উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।