শিশুকে হত্যা, মহাসড়কের পাশে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিয়ালপাড়া এলাকায় গতকাল রোববার সকালে মো. হৃদয় (৮) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ হত্যার পর শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়৷
এদিকে, সদর উপজেলার হাজীরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ৷
হৃদয়ের বাবা আবদুল মালেক রাজমিস্ত্রির কাজ করেন৷ মা শাবানা আক্তার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন৷ তাঁরা কালিয়াকৈরের শিয়ালপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল সকাল সাতটার দিকে হৃদয়ের কাছে তিন বছরের মেয়ে মাসুদা আক্তারকে রেখে মা ও বাবা বাইরে কাজে চলে যান৷ সকাল নয়টার দিকে মাসুদার কান্না শোনেন প্রতিবেশীরা৷
ঘরে গিয়ে তারা গলায় ওড়না প্যাঁচানো ও ঘরের আড়ার সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয়ের লাশ দেখতে পান৷ হাঁটু খাটের সঙ্গে ঠেকানো ছিল৷ খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, স্পষ্ট বোঝা যায়, এটি আত্মহত্যা নয়৷ কেউ ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে৷
শিয়ালপাড়ায় হৃদয়দের ঘরে গিয়ে দেখা যায়, তার মা শাবানা আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন৷ আর বলছেন, ‘আমার ছেলেকে আমার ওড়না পেঁচিয়ে মেরে ফেলেছে৷ ছেলের হত্যাকারীদের বিচার চাই৷’
হৃদয়ের দাদা রজব আলী বলেন, বাড়ির অন্য ভাড়াটেদের ধরলেই খুনিকে ধরা যাবে৷
এলাকাবাসী ও জয়দেবপুর থানার পুলিশ জানায়, সিটি করপোরেশনের হাজীরপুকুর এলাকায় গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী৷ বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়৷
জয়দেবপুর থানার এসআই মো. রাজীব শেখ জানান, নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি৷ তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তাঁকে অন্যত্র হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে গেছে৷ তাঁর পরনে কালো ফুল প্যান্ট ও ধূসর রঙের স্ট্রাইপের ফুল শার্ট ছিল৷
অপহৃত চারজন উদ্ধার: গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের এক দিন পর তিন স্কুলশিক্ষার্থীকে উত্তরা থেকে এবং অপহরণের পাঁচ দিন পর এক মুদি ব্যবসায়ীকে পাবনা থেকে উদ্ধার করেছে টঙ্গী থানার পুলিশ। শিক্ষার্থীদের অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর গাজীপুরা থেকে গত শনিবার সকালে তিন শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে উত্তরা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। শিক্ষার্থীদের অপহরণের ঘটনায় রাব্বি ও মোজাফফর নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অপহরণকারীদের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।
এদিকে ২০ মে টঙ্গীর দেওরা থেকে মুদি ব্যবসায়ী সারোয়ার হোসেনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই তাঁর পরিবার থানায় অভিযোগ করে। পুলিশ অভিযান চালিয়ে গতকাল সকালে পাবনা থেকে তাঁকে উদ্ধার করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।