শিশুকে হত্যার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশুকে হত্যার অভিযোগ তুলেছেন তার বাবা। গত শুক্রবার আক্কেলপুর প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের কাছে ছেলের মৃত্যুর ঘটনার ‘কথোপকথনের রেকর্ড’ শোনান।
ওই শিশুর নাম তৌহিদ আবির জয় (৮)। সে সরস্বতীপুর গ্রামের আবদুল আলিমের ছেলে। ৭ মে অনুষ্ঠেয় তিলকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।
আবদুল আলিম বলেন, গত ২১ এপ্রিল দুই বন্ধুসহ জয় বুলাগাড়ী পুকুরে গোসল করছিল। এ সময় গ্রামের জিয়াউর রহমান নামের একজন পুকুরে মাছ ধরছিলেন। তিনি শিশুদের পানি নাড়াচড়া করতে নিষেধ করেন। এরপর দুই শিশু উঠে চলে যায়। জয় থেকে যায়। এতে ক্ষিপ্ত হয়ে জয়কে জিয়াউর মারধর করেন। এ কারণে জয়ের মৃত্যু হয়েছে। জিয়াউর গ্রামের লোকজনের কাছে এ ঘটনা বলেছেন। তাঁরা জিয়াউরের বক্তব্য মুঠোফোনে রেকর্ড করেন। ঘটনা জানার পর তিনি থানায় হত্যা মামলা করতে যান। পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন আসার আগে মামলা নেবে না বলে জানায়।
আবদুল আলিম আরও বলেন, ‘ওই দিন বিকেলে পুকুরে জয়ের লাশ পাওয়া যায়। পানিতে ডুবে মারা গেছে বলে প্রচার করায় লাশ ময়নাতদন্ত করতে দিতে চাইনি। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।’
জিয়াউর রহমান বলেন, ‘আমি সেই দিন গ্রামেই ছিলাম না। জয়ের মৃত্যুর ব্যাপারে কিছুই জানি না।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
তিলকপুর ইউপির সদস্য মাজেদুর রহমান বলেন, ‘জিয়াউর রহমান সুস্থ নয়। সে কখন কী বলে, তা নিজেই জানে না।’
২৩ এপ্রিল প্রথম আলোয় ‘সদস্য প্রার্থীর ছেলের লাশ মিলল পুকুরে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।