শিশুকে হত্যার দায়ে কুমিল্লায় যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক শিশুকে হত্যার দায়ে আল আমিন নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ এ আর মাসউদ এই রায় দেন। আল আমিন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ২০১০ সালের ৫ নভেম্বর ১০০ টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার জয়পুর-কামারচর গ্রামের মালু মিয়ার ছেলে পারভেজ মিয়াকে ডেকে নিয়ে যান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে আল আমিন (২৮)। আল আমিন গ্রামের একটি মাছের খামারে পারভেজকে জিম্মি করে তাঁর মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এই টাকা দিতে না পারায় ওই দিনই পারভেজকে গলা টিপে হত্যা করেন আল আমিন। পরে পারভেজের লাশ ছয় টুকরো করে ধানখেতে পুঁতে রাখা হয়। ১৫ নভেম্বর পুলিশ ধানখেত থেকে পারভেজের লাশের টুকরা উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের মা হোসনে আরা বেগম দেবীদ্বার থানায় আল আমিনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার উল্লাহ আল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। শুনানিতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এতে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল আদালত আল আমিনকে মৃত্যুদণ্ড দেন।এই রায়ে মামলার বাদী হোসনে আরা বেগম সন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।