শিশুকে হত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে এক শিশুকে হত্যা করার অপরাধে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল সোমবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আকতার গাছী ওরফে আলতাফ হোসেন, রিজিয়া খাতুন, আজাদ, মিনহাজ উদ্দিন, হায়তুল ইসলাম, আনারুল ইসলাম, সাহাবুল হক, এনামুল হক ও আসাদুল ইসলাম। তাঁদের মধ্যে একজন পলাতক। অন্য আটজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা জেলার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে আলিফ হোসেন (৪) নিখোঁজ হয়। পরদিন আলিফের মামা মহির ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৭ ফেব্রুয়ারি মুঠোফোন থেকে ফোন করে আলিফের মুক্তির বিনিময়ে দুই লাখ টাকার চাঁদা চায় কয়েক ব্যক্তি। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা আলিফকে মেরে তাদের (আলিফ) বাড়ির রান্নাঘরের পেছনে নারিকেল পাতা দিয়ে ঢেকে রেখে যায়।
এ ঘটনায় নিহত আলিফের বাবা বাদী হয়ে আকতার গাছীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নয় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। এ পরিপ্রেক্ষিতে আদালত গতকাল ওই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আলম হোসেন, ওবাইদুল হক ও মেরু গাইন নামের তিনজনকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী।