শিশুকে হত্যার পর ডোবায় রাখারঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে এক শিশুকে (৭) হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিজয়নগর থানায় হত্যা মামলা হলেও ঘটনার সাত দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কাশিনগর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ২৯ মে বুধবার বিকেল চারটার পর থেকে সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সাব্বিরের খেলার সঙ্গীরা জানায়, কিছুক্ষণ আগেও ওই শিশু পাশের নূরহান মিয়ার বাড়িতে ছিল। ওই বাড়ির লোকজনের সঙ্গে সাব্বিরদের পূর্বশত্রুতা ছিল। কয়েকটি ঘটনায় মামলাও আছে।

ওই বাড়িতে খোঁজ নিতে গেলে সাব্বিরের মা ডলি বেগমকে তাড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যায় নূরহানই তাঁর ঘরের পাশের ডোবায় সাব্বিরের লাশ পড়ে আছে বলে চিৎকার দেন। ডোবা থেকে শিশুটিকে তুলে আনেন রহিদ মিয়া (৫২)।

গতকাল মঙ্গলবার বিকেলে কথা হয় প্রতিবেশী রহিদের সঙ্গে। বললেন, ‘সাব্বিররে খোঁজাখুঁজির সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে সন্ধ্যার পর নূরহান মিয়া, ‘‘পাইছি রে, পাইছি’’ কইয়া চিল্লান দেয়। চিল্লান শুইন্না সেখানে যাই। পানি থেকে শিশুটিকে তুইল্লা আনি।’ রহিদ মিয়া জানান, শিশুটি সাঁতার জানত। ডোবার পানিতে পড়ে ওর মরার কথা নয়।

গ্রামের আবদুর রাজ্জাক (৬৪) বলেন, পানি থেকে সাব্বিরের লাশ তোলার পরই গ্রামে ছড়িয়ে পড়ে ‘আলগা দোষে’ (জিনের কারণে) মৃত্যু হয়েছে। ওই সময় সাব্বিরের গালের এক পাশে আঘাতের চিহ্ন, ঘাড় ও একটি পা ভাঙা ছিল।

‘পোলাডা পানিত ডুইব্বা মরলে পেটে তো পানি ছিল না। তোলার পর নাক-মুখ দিয়াও পানি আসে নাই। মুখে রক্ত আর ফেনাও আছিল। পুলাডারে মাইরা ডুবাত ফালাই রাখছে।’ বলছিলেন আরেক বাসিন্দা জামিলা খাতুন (৬০)।

অভিযোগ ওঠায় নূরহান মিয়া ও তাঁর ভাই দুলাল মিয়ার বাড়ি গিয়ে দেখা গেছে, ঘর তালাবদ্ধ। তাঁদের বাবা তোরাপ খাঁ (৮২) বলেন, ‘আমার ছেলেরা সাব্বিরকে খুন করেনি। হত্যা করলে ওকে কবর দিত না।’

সাব্বিরের বাবা মো. জহিরুল ইসলাম (৪০) আখাউড়ার একটি রেস্তোরাঁয় কাজ করেন। তিনি ছেলে নিখোঁজের খবর পেয়ে বাড়ি যান। গিয়ে দেখেন ছেলের লাশ। লোকজনের কাছ থেকে ঘটনা জানার পর ৩১ মে নূরহান, তাঁর ভাই দুলাল মিয়াসহ ছয়জনকে আসামি করে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা দরকার। লাশ তোলার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আর যাঁদের আসামি করা হয়েছে, তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।