শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দরগাগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার সকালে এক ব্যক্তি ও একটি শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মা ফাতেমা আফরিনকে আটক করেছে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আলীম উল্লাহ (৩০)। শিশুটির নাম সাদিয়া আফরিন (২)। শিশুটি আলীমের। হোটেলকক্ষে প্রথমে শিশুটিকে গলা কেটে হত্যার পর তিনি আত্মহত্যা করেন বলে মনে হচ্ছে। হোটেলের ব্যবস্থাপক হুমায়ুন কবীর জানান, বুধবার ভোর ছয়টা ১০ মিনিটে একটি শিশুসন্তানকে নিয়ে এক দম্পত্তি তাঁর হোটেলে এসে কক্ষ ভাড়া চান। নিবন্ধন শেষে তিনজনের ছবি তুলে ৩৫ নম্বর কক্ষ দেওয়া হয়। সেখানে হোটেলবয় সকালের নাশতাও পৌঁছে দেয়। সকাল আটটার দিকে ওই কক্ষ থেকে নারী কণ্ঠের চিৎকার ও কান্নার আওয়াজ পাওয়া যায়। হুমায়ুন বলেন, ‘আমি গিয়ে দেখি, দরজার ফাঁক দিয়ে মেঝে গড়িয়ে রক্ত বের হচ্ছে। আমরা তাৎক্ষণিক পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে দরজা খোলে লাশ দুটি উদ্ধার করে।’ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান বলেন, দুটি লাশের গলায় দুই থেকে তিন ইঞ্চি গভীর ক্ষত দেখা গেছে। শিশুটিকে হত্যার পর ফাতেমা ঘুম থেকে জেগে দেখেন, আলীম ব্লেড হাতে দাঁড়িয়ে রয়েছেন। আলীম মেয়েকে হত্যার কথা স্ত্রীকে জানিয়ে নিজেই গলায় ব্লেড দিয়ে টান মেরে মেঝেতে পড়ে যান।
পুলিশ জানায়, লাশ উদ্ধারকালে আলীমের স্ত্রী ফাতেমা জানান, তিনি স্বামীর কাছে মেয়েকে হত্যার কারণ জানতে চান। তখন আলীম তাঁকে বলেন, ‘তোর মেয়েরে খুন করে ফেলেছি। আমি পাপী। আমি জীবনে অনেক পাপ করেছি। দুনিয়াটা পাপে ভরা। তুই হোটেলের ম্যানেজারকে বলে আমাকে পুলিশে ধরিয়ে দে।’ ফাতেমা বলেন, এরপর তাঁর স্বামী হোটেলকক্ষের একটি বরান্দা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে টেনে ধরলে তিনি নিজের গলায় ব্লেড চালান। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ প্রথম আলোকে জানান, শিশুটিকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আলীমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।হোটেলকক্ষে অবস্থানকালে ফাতেমা সাংবাদিকদের জানান, তাঁরা মাজার জিয়ারত করতে গাজীপুর থেকে বুধবার সকালে সিলেট আসেন। ‘নাশতা খেয়ে তিনজনই ঘুমিয়ে ছিলাম। ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটল। কেন ঘটাল—কিছুই বুঝতে পারলাম না।’ স্বামীকে মাদকাসক্ত উল্লেখ করে তিনি বলেন, তবে গতকাল তিনি মাদক নেননি। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, আলীম কুমিল্লা কোতোয়ালি থানার কান্দিপাড়া ওষুধতলা এলাকার শফিউল্লার ছেলে। গাজীপুরে একটি কারখানায় চাকরির সুবাদে তিনি সপরিবারে ময়মনসিংহ রোডের মেম্বারবাড়ি এলাকায় থাকতেন। গতকাল সকাল ছয়টার দিকে হজরত শাহজালাল (রহ.) দরগাহ জিয়ারত করতে তাঁরা সিলেট আসেন। ফাতেমার বাড়ি বরিশালের রাজাপুরের মন্দিহালি গ্রামে। প্রায় ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে গাজীপুরে থাকতেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।