শিশুখাদ্য খেয়ে এক শিশুর মৃত্যু চারজন অসুস্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় চকবিন বড়ি নামের একধরনের শিশুখাদ্য খেয়ে গত শনিবার একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই খাদ্য খেয়ে আরও চার শিশু অসুস্থ হয়ে পড়ে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
মৃত শিশুর নাম মো. হাসান (৬)। সে পশ্চিম ঘুটাবাছা গ্রামের কাওসার মিয়ার ছেলে। সে ঘুটাবাছা কেরাতুল ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। আহত শিশুদের নাম ইয়াছিন (৯), লিমা (৬), সাদিয়া (৫) ও বুশরা (৪)। তাদের বাড়িও একই গ্রামে।
ওই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁরা হলেন পশ্চিম ঘুটাবাছা গ্রামের মরিয়ম বেগম, তাঁর মেয়ে ফারজানা ও মাছেরখাল এলাকার কালাম মিয়া।
মরিয়ম বেগম বলেন, ‘কালাম মিয়ার দোকান থেকে ওই চকবিন বড়ি আমার মেয়ে কিনেছে। ওই বড়িই তাদের খেতে দিয়েছিলাম।’
দোকানি কালাম মিয়া বলেন, ‘তারা আমার দোকান থেকে চকবিন বড়ি কেনেনি। ওই বড়ি আমার দোকানে বিক্রি হয় না।’
কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ হারুন অর রশিদ বলেন, শনিবার বিকেলে ওই পাঁচ শিশুকে চকবিন বড়ি খেতে দেন মরিয়ম বেগম। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করে। তারা মাথা ঘুরছে বলে জানায়। এ অবস্থায় তাদের তেঁতুল মেশানো পানি পান করান মরিয়ম ও তাঁর মেয়ে ফারজানা। খবর পেয়ে ওই পাঁচ শিশুকে প্রাথমিক চিকিৎসা করান অভিভাবকেরা। এ সময় হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। অন্য চার শিশু সুস্থ হয়ে ওঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে কী কারণে মারা গেছে, তা বোঝা যাচ্ছে না। শনিবার বিকেল থেকে সে বেশ কয়েকবার বমি করেছে বলে তাঁর মা জানান।
শিশু হাসানের বাবা কাওসার মিয়া বলেন, গত কয়েক ঘণ্টায় কী হয়ে গেল বুঝতে পারলাম না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ওই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।