শিশুটি এখন নানির জিম্মায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মামলায় জামিন পাওয়া সেই শিশুটিকে তার নানির জিম্মায় দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শিশুটির নানি হাজির হয়ে এই আবেদন করলে ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম তা মঞ্জুর করেন।
এর আগে ব্লাস্টের আইনজীবী এ এম জামিউল হক শিশুটির নানিকে খুঁজে বের করে আদালতে নিয়ে আসেন। জামিউল হক আদালতে বলেন, ‘ওই শিশুটির নানিকে খুঁজে বের করেছি। তিনি শিশুটির পড়াশোনা চালিয়ে নেওয়ার অঙ্গীকারও করেছেন। শিশুটিকে তাঁর জিম্মায় নিতে চান তিনি।’ জামিউল হক বলেন, আদালতে শিশুটির জামিননামা দাখিল করা হয়েছে। আগামী রোববার শিশুটি টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে বের হতে পারে।
শিশুটির নানি প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জে। সেখানে বসবাস করি। নাতির কোনো খবর জানতাম না। বুধবার জামিনের খবর দিয়েছেন আইনজীবী। নাতি জামিন পাওয়ায় আমি খুশি। শিশুটির নানি দাবি করেন, এয়ারপোর্ট এলাকার খালার বাড়ি যাওয়ার পথে তাঁর নাতিকে আটক করে নিয়ে যায় পুলিশ। নাতিকে আটকের দিন বিএনপির হরতাল ছিল।’