শিশুটি কার?

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ১০-১১ বছর বয়সী একটি ছেলেশিশুকে উদ্ধার করেছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাটসংলগ্ন মডেল হাইস্কুলের সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়। শিশুটি তার নাম স্বাধীন বলে জানিয়েছে। এ ছাড়া আর কিছুই সে বলতে পারছে না।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, গত শনিবার সন্ধ্যায় শিশুটিকে ক্যানাল ঘাটসংলগ্ন মডেল হাইস্কুলের সামনে স্থানীয় লোকজন ঘোরাফেরা করতে দেখে। পরে এলাকার কয়েকজন তাকে উদ্ধার করে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই দিন রাতেই শিশুটিকে থানায় নিয়ে আসে। তার গায়ের রং শ্যামলা। পরনে গাঢ় নীল রঙের পায়জামা ও পাঞ্জাবি ছিল। তার সঙ্গে একটি স্কুলব্যাগও আছে। অজ্ঞাত কেউ তাকে বাসে করে এনে এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
এসআই আরও বলেন, শিশুটির কোনো পরিচয় বা ঠিকানা উদ্ধার করা সম্ভব না হওয়ায় গত রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে ফরিদপুরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সেফ হোমে (নিরাপত্তা হেফাজত) পাঠানো হয়েছে। এ ছাড়া সব থানায় বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে।