শিশুটি কার?

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ডে আট-নয় বছর বয়সী একটি ছেলেশিশু পাওয়া গেছে। সে নিজের পরিচয় বলতে পারছে না।
সোমবার বিকেলে শিশুটিকে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এক রিকশাচালক তাঁকে নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার জিম্মায় রেখে যান। খবর পেয়ে সন্ধ্যায় কাকচর মহল্লায় গিয়ে দেখা যায়, শিশুটি কালচে নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার শর্টস পরা। তার পায়ে বয়স্ক মানুষের জুতা। তাকে জিজ্ঞেস করলে সে নিজের পরিচয় স্পষ্টভাবে বলতে পারেনি। উচ্চারণ অস্পষ্ট হওয়ায় তার কোনো কথা বোঝা যাচ্ছে না।
তবে শিশুটিকে দেখেছে ও তার সঙ্গে কথা বলেছে, এমন কয়েকজন জানালেন, শিশুটির কথাবার্তায় এটুকু বোঝা যায় যে সে দুপুরের পর কোনো একসময়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী কোনো বাস থেকে নান্দাইলের পুরোনো বাসস্ট্যান্ডে নামে।
প্রকৃত অভিভাবক বা পরিচিত কেউ যদি ছেলেটিকে চিনতে পারেন, তাহলে নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোন নম্বরে (০১৭১৬-২০০৭৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।