শিশুটি চুরি যায়নি বরং লালনপালনের জন্য দেওয়া হয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস বয়সের অসুস্থ শিশু তামান্নাকে চুরির ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। অভিযুক্ত নারী শিশুটিকে চুরি করেননি। বরং শিশুটির বাবা-মা সন্তানের চিকিৎসা ও ভালোভাবে লালনপালনের আশায় স্বেচ্ছায় মোর্শেদা বেগম নামের ওই নিঃসন্তান নারীর হাতে তুলে দেন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এমনই জবানবন্দি দিয়েছেন শিশুটির মা জয়নব বেগম।
জয়পুরহাটে চিকিৎসা নিতে গত রোববার শহরের পদ্মা ল্যাব ও পরামর্শ কেন্দ্রে এলে সেখান থেকে শিশু তামান্না চুরি হয় বলে ওর বাবা বজলুর রশিদ ও মা জয়নব বেগম অভিযোগ করেন। এ ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাত এক নারীকে আসামি করে রোববার রাতেই জয়পুরহাট সদর থানায় মামলা করেন। নওগাঁর ধামইরহাট উপজেলার ভাতকুন্ডু গ্রামের বাসিন্দা বজলুর ও জয়নব দম্পতি।
চুরি হওয়ার ২৩ ঘণ্টা পর গতকাল সোমবার শিশুটিকে জয়পুরহাট থানা-পুলিশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোর্শেদা বেগম (৩২) নামের এক নারীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর অসুস্থ তামান্নাকে পুলিশের তত্ত্বাবধানে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটি উদ্ধারের পর গতকাল বিকেল পাঁচটায় হাসপাতাল চত্বরে বজলুর রশিদ ও তাঁর স্ত্রী জয়নব বেগম বলেন, মোর্শেদা নামের ওই নারী শিশুটিকে চুরি করেননি। তবে মামলা করলেন কেন জানতে চাইলে জয়নব বেগম বলেন, তাঁর স্বামী বোঝে কম। না বুঝেই মামলা করে দিয়েছেন। শিশুটির মা আরও বলেন, ‘তামান্না খুব অসুস্থ। ভালো চিকিৎসা করাবেন—এই আশায় সন্তানকে নিঃসন্তান মোর্শেদা বেগমের হাতে তুলে দিয়েছি।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর রাস্তার হাসপাতাল মোড় এলাকায় আল-শিফা ক্লিনিক এবং ডায়াগনস্টিক কেন্দ্রে চিকিৎসার জন্য মোর্শেদা বেগম শিশু তামান্নাকে নিয়ে আসেন। সেখানে তিনি নিজেকে শিশুটির মা বলে পরিচয় দেন। তবে চিকিৎসার সময় তিনি শিশুটির বয়স ১৫ দিন বলায় ক্লিনিকের পরিচালক রুহুল আমীনের সন্দেহ হয়। আগের দিন পদ্মা ল্যাব থেকে একটি শিশু চুরি যাওয়ার বিষয়টি জানা থাকায় তিনি বিষয়টি পদ্মা ল্যাব কর্তৃপক্ষকে জানান। পদ্মা ল্যাব থেকে পুলিশকে খবর দিলে পুলিশ বেলা ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে মোর্শেদাকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শিশুটি উদ্ধারের পর বজলুর রশিদ ও জয়নব বেগমকে থানায় ডাকা হয়। তখন তাঁরা বলেন, শিশুটিকে লালনপালনের জন্য তাঁরাই মোর্শেদাকে দিয়েছেন। কেউ তাঁদের মেয়েকে চুরি করেনি।
গতকাল বেলা ১১টায় আল শিফা ক্লিনিকে মোর্শেদা বলেন, তিনি নিঃসন্তান। তাই তিনি তামান্নাকে লালনপালন করতে চাইলে শিশুটির বাবা-মা স্বেচ্ছায় তাঁদের সন্তানকে তাঁর কোলে তুলে দেন। তিনি অসুস্থ তামান্নাকে চিকিৎসার জন্য ওই ক্লিনিকে নিয়ে এসেছিলেন।
গত রোববার সকাল ১০টার দিকে তাঁদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ভাতকুন্ডু গ্রাম থেকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভালো চিকিৎসক নেই বলে তাঁদের শহরের প্রধান রাস্তার পদ্মা ল্যাব ও পরামর্শ কেন্দ্র থেকে শিশুটি চুরি হয় বলে শিশু তামান্নার বাবা-মা অভিযোগ করেছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, শিশুটির মা গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে জবানবন্দি দিয়েছেন। সেখানে সন্তানকে চুরি করে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তিনি করেননি। পরে মোর্শেদা বেগম ও তাঁর স্বামী ইমরান হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি কালাই উপজেলার পাইকড়শ্বর গ্রামে। বাদী বজলুর রহমান মিথ্যা মামলা করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত রোববার সকালে বজলুর রহমান ও জয়নব বেগম তিন মাসের শিশু মেয়ে তামান্নার চিকিৎসার জন্য গ্রাম থেকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আসেন। পরে পদ্মা ল্যাব ও পরামর্শ কেন্দ্রে গেলে সেখান থেকে শিশুটি চুরি হয় বলে তাঁরা অভিযোগ করেন। এ ঘটনায় গতকাল প্রথম আলোতে একটি সংবাদও প্রকাশিত হয়।